বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৪ অক্টোবর) ভোরে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের কাটাপাহাড় এলাকার নয়াপাড়া থেকে তিনটি ব্যাগে থাকা মোট ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের তথ্য পেয়ে সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল। ভোর সাড়ে ৪টার দিকে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে অভিযান চালানো হলে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে চালান ফেলে পালিয়ে যায়। তারা মিয়ানমারের অভ্যন্তরে ঢুকে পড়ে বলে জানিয়েছে বিজিবি।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি ব্যাগের সন্ধান পাওয়া যায়। ব্যাগগুলো খুলে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তপথে মাদকের প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।