শিরোনাম

সৌদি আরবের বিমানবন্দরে হামলা বন্ধের আহ্বান বাংলাদেশের

সৌদি আরবের বিমানবন্দরে হামলা বন্ধের আহ্বান বাংলাদেশের

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ঢাকা।

শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এসব হামলা নিরীহ মানুষের জীবন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি হামলার ঘটনা ঘটে। এতে তিন সৌদি নাগরিক নিহত হন। আহত হন বিভিন্ন দেশের আরও কয়েকজন নাগরিক। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে কয়েকজনের আঘাত সামান্য হলেও কারও কারও অবস্থা গুরুতর। হামলার পর তাঁদের হাসপাতালে নেওয়া হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রথম হামলায় বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় হামলার লক্ষ্য ছিল সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার একটি উড়োজাহাজ। হামলায় বিমানবন্দরের কিছু স্থাপনা ও সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার পর বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হয় এবং আকাশপথে বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বৃহস্পতিবার রিয়াদ বিমানবন্দরে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে। তবে হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে দায়ীদের নাম উল্লেখ করা হয়নি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর