ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ক্রমবর্ধমান হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনে যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। এ বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন নিতে দেশটির পার্লামেন্টের জরুরি অধিবেশন আহ্বানের কথাও জানিয়েছেন তিনি।
কায়রোয় একটি সামরিক একাডেমির সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সিসি বলেন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনা অনুযায়ী দেশটির সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত মিসর।
তবে এ ধরনের পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে বলে উল্লেখ করেন মিসরের প্রেসিডেন্ট। পরিস্থিতি বিবেচনায় সেই অনুমোদন নিতে জরুরি অধিবেশন আহ্বানের জন্যও তিনি প্রস্তুতির কথা জানান।
সিসি বলেন, সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হওয়া কিংবা দেশটির ক্ষতি হওয়ার বিষয়টি মিসর কোনোভাবেই মেনে নিতে পারে না। তবে কোনো ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য মিসর মরিয়া নয় বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ইয়েমেনের চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন সিসি। সংঘাতের অবসান ঘটাতে উপসাগরীয় অঞ্চলের সংশ্লিষ্ট সব পক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুদ্ধ বন্ধ করে সংকটের সমাধান করা প্রয়োজন।