শিরোনাম

লোকাল এলসির তথ্য বিনিময়ে বাংলাদেশ ব্যাংকের নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’

লোকাল এলসির তথ্য বিনিময়ে বাংলাদেশ ব্যাংকের নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’

দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে স্থানীয় ঋণপত্র বা লোকাল এলসির তথ্য আদান-প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করতে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ (BARTA) চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন এ ব্যবস্থার মাধ্যমে ব্যাংকগুলো লোকাল এলসি-সংক্রান্ত বার্তা ও তথ্য একটি কেন্দ্রীয় ও তাৎক্ষণিক প্ল্যাটফর্মের আওতায় আদান-প্রদান করতে পারবে। মাস্টার এক্সপোর্ট এলসি বা চুক্তির বিপরীতে খোলা লোকাল ও ব্যাক-টু-ব্যাক এলসির তথ্য বিনিময়ের সুযোগ থাকায় পশ্চাৎমুখী সংযোগ শিল্প (ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি) সরাসরি উপকৃত হবে। একই সঙ্গে তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা বাড়বে এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি আরও কার্যকর হবে।

BARTA প্ল্যাটফর্মে একাধিক স্তরের নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। এতে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই)-ভিত্তিক যাচাই, টোকেনভিত্তিক প্রবেশাধিকার, এনক্রিপ্টেড ভিপিএন এবং NAT 3 ফায়ারওয়াল ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ে থাকবে টু-ফ্যাক্টর অথেনটিকেশন। প্রতিটি ব্যাংকের তথ্য পৃথকভাবে সুরক্ষিত রাখার ব্যবস্থাও রয়েছে।

প্ল্যাটফর্মে বাংলাদেশ ব্যাংকের ব্যবহারকারীরা শুধু তথ্য পর্যবেক্ষণের সুযোগ পাবেন; তথ্য পরিবর্তন বা সংশোধন করতে পারবেন না। বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠিত পৃথক ও নিরাপদ আইটি নেটওয়ার্ক বা এক্সট্রানেটের মাধ্যমে তথ্য আদান-প্রদান হবে। প্রতিটি যোগাযোগে থাকবে তিন স্তরের অনুমোদনব্যবস্থা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, BARTA পুরোপুরি বাস্তবায়িত হলে লোকাল এলসির তথ্য সংগ্রহে বাণিজ্যিক ব্যাংকের ওপর নির্ভরতা কমবে এবং কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদার হবে। এতে রপ্তানি বাণিজ্য গতিশীল হওয়ার পাশাপাশি পশ্চাৎমুখী সংযোগ শিল্পের উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রচ্ছন্ন রপ্তানির ক্ষেত্রে অপরিশোধিত রপ্তানি আয়ের পরিমাণ কমবে এবং রপ্তানিতে দেশীয় মূল্য সংযোজন বাড়বে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, নতুন এ ব্যবস্থার ফলে বছরে প্রায় ৬০ থেকে ৭০ লাখ মার্কিন ডলার সাশ্রয় হতে পারে।

প্রাথমিক পর্যায়ে লোকাল এলসির তথ্য আদান-প্রদানে BARTA-এর পাশাপাশি সুইফট (SWIFT) ব্যবস্থাও চালু থাকবে। পরবর্তী সময়ে BARTA পুরোপুরি কার্যকর ও স্থিতিশীল হলে ধাপে ধাপে সুইফটভিত্তিক ব্যবস্থা প্রত্যাহার করা হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর