‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা পরিষদের হলরুমে সবার জন্য বাংলাদেশ সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবার জন্য বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান। সংগঠনের বিভাগীয় কো-অর্ডিনেটর আব্দুল কুদ্দুস শামীমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক মহিলা সংসদ সদস্য রিনা পারভীন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, ব্যারিস্টার জমির উদ্দিন কলেজিয়েট ইনস্টিটিউটের শিক্ষক রফিকুল ইসলাম এবং পঞ্চগড় মহিলা কলেজের সাবেক সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর উন্মুক্ত আলোচনা পর্বে বক্তারা দেশের সাম্প্রতিক সহিংসতা, বিদ্বেষ ও উগ্রবাদী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
প্রধান অতিথি মশিউর রহমান বলেন, দেশে মব সন্ত্রাস বেড়ে গেছে। উগ্রবাদী গোষ্ঠীগুলো মাজারসহ বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। হিজবুত তাওহীদের নেতাদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, এতে দুইজন নিহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, একটি মৌলবাদী গোষ্ঠী বিভিন্ন সময় বাউলদের ওপর হামলা চালিয়ে গান-বাজনাকে হারাম বলে প্রচার করছে। এ ধরনের বিদ্বেষ ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মশিউর রহমান বলেন, ‘সবার জন্য বাংলাদেশ’ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে একটি সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা কাজ করছেন। এ উদ্যোগে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।