নেত্রকোনার সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের দুটি মোটরসাইকেল, কিছু আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুঁচুয়া বাজারে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখার ব্যবস্থাপক মঞ্জু আহমেদ জানান, ঘটনার সময় ব্যাংকের নিয়মিত নিরাপত্তাকর্মী আবদুর রহমান ছুটিতে ছিলেন। তাঁর পরিবর্তে দায়িত্বে থাকা ব্যক্তি রাতে কার্যালয়ের একটি কক্ষে আগুন দেখতে পান। পরে তিনি স্থানীয় লোকজনকে খবর দেন।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বারান্দার একটি কক্ষে রাখা দুটি মোটরসাইকেল, কিছু আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।
শাখা ব্যবস্থাপক মঞ্জু আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের পাশ থেকে কয়েকটি খালি বোতল উদ্ধার করা হয়েছে। আগুনের প্রকৃত কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।