শিরোনাম

ফরিদপুরে স্কুলে চুরি, অভিযুক্তের চুল-গোঁফ ব্লেড দিয়ে কেটে দিল জনতা

ফরিদপুরে স্কুলে চুরি, অভিযুক্তের চুল-গোঁফ ব্লেড দিয়ে কেটে দিল জনতা

ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের খাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বেঞ্চ, লোহার ফ্রেমসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগে সাব্বির খান (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে বিদ্যালয়ে নিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা ব্লেড দিয়ে তার চুল ও গোঁফ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই যুবক পালিয়ে যান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের খাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সাব্বির খান ওই এলাকার আবুল খানের ছেলে এবং বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী বলে জানা গেছে।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে কয়েকটি বেঞ্চ, চারটি লোহার ফ্রেম, একটি স্টিলের সাইনবোর্ড ও লোহার গ্রিল চুরি হয়। পরে এসব মালামাল কানাইপুর বাজারের একটি দোকানে বিক্রি করতে যান সাব্বির। সেখানে বিদ্যালয়ের সাইনবোর্ড দেখে স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জানানো হয়।

পরে শিক্ষক ও স্থানীয়রা ওই দোকানে গিয়ে মালামালসহ সাব্বিরকে আটক করেন। তাকে একটি নছিমনে করে বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে বিদ্যালয়ের সামনে বসিয়ে বিক্ষুব্ধ কয়েকজন তার চুল ও গোঁফ ব্লেড দিয়ে কেটে দেন বলে অভিযোগ রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাসন্তী দত্ত বলেন, বুধবার স্কুল বন্ধ ছিল। বৃহস্পতিবার বিদ্যালয়ে এসে চুরির বিষয়টি দেখতে পান তারা। চুরি হওয়া মালামালসহ ওই যুবককে আটক করে একটি কক্ষে রাখা হয় এবং ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানানো হয়। এ সময় এলাকার কয়েকজন তার চুল ও গোঁফ কেটে দিয়ে থাকতে পারেন। তবে পুলিশ আসার আগেই ওই যুবক কক্ষ থেকে পালিয়ে যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ গিয়ে ওই যুবককে পায়নি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর