শিরোনাম

স্ত্রী হত্যার অভিযোগে পার্বতীপুরে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

স্ত্রী হত্যার অভিযোগে পার্বতীপুরে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

দিনাজপুরের পার্বতীপুরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগে স্বামী কনক রায় (২৪) ও তাঁর মা সরিষা রানী (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ফাল্গুনী রায় (২১) কনক রায়ের স্ত্রী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মন্মথপুর ইউনিয়নের পূর্ব নারায়ণপুর বাবুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে রংপুরের বদরগঞ্জ উপজেলার টেক্সেরহাট কিসমত পাথারীপাড়া গ্রামের নবকান্তি রায়ের মেয়ে ফাল্গুনী রায়ের সঙ্গে কনক রায়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহের কারণে ফাল্গুনী বেশির ভাগ সময় বাবার বাড়িতে অবস্থান করতেন। তাঁদের পাঁচ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত ১৫ সেপ্টেম্বর মনসাপূজা উপলক্ষে কনক রায় স্ত্রী ফাল্গুনীকে নিয়ে নিজ বাড়িতে আসেন। মঙ্গলবার সকালে কনকের মা সরিষা রানী চিকিৎসকের কাছে গেলে বাড়িতে কনক ও ফাল্গুনী ছিলেন।

এ সময় পারিবারিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কনক রায় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে ফাল্গুনীকে আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ল্যাম্ব হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা কনক রায়কে আটক করে পুলিশে খবর দেন। পরে পার্বতীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদ বলেন, এ ঘটনায় নিহতের বাবা নবকান্তি রায় বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। মামলায় অভিযুক্ত স্বামী কনক রায় ও শাশুড়ি সরিষা রানীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর