শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি—ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৫ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় জেলার বিভিন্ন স্তরের শিক্ষকেরা অংশ নেন। জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পরে জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার বেলাল হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম ফেরদৌস, মোফাজ্জল হোসেন ও শাহীন আক্তার। এ সময় জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার শিক্ষক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির জ্ঞান, মূল্যবোধ ও ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞানভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাই শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের পেশাগত মর্যাদা, সামাজিক অধিকার ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।