গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে কারখানার ছয়তলা ভবনের নিচতলার স্টোরে আগুন লাগে। পরে বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে কোনাবাড়ি ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট যোগ দেয়। এরপর গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।