সার্চলাইট, সিসিটিভি ও থার্মাল ড্রোনে বাড়ছে নজরদারি
সাতক্ষীরা প্রতিনিধি: ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশ থেকে অবৈধভাবে দেশত্যাগ ঠেকাতে সাতক্ষীরার সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুটি ব্যাটালিয়ন ও একটি রিভারাইন কোম্পানি। দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার সঙ্গে ভারতের সীমান্তের দৈর্ঘ্য ২৭২ কিলোমিটার। এর মধ্যে ৩৬ কিলোমিটার স্থলসীমান্ত এবং বাকি ২৩৬ কিলোমিটার নদী ও সুন্দরবনসংলগ্ন জলসীমান্ত। এই দীর্ঘ সীমান্তের নিরাপত্তায় বিজিবির দুটি ব্যাটালিয়ন ও একটি রিভারাইন কোম্পানি দায়িত্ব পালন করছে।
সাতক্ষীরায় অবস্থিত বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকায় দিন-রাত বিশেষ টহল চলছে। রাতের নিরাপত্তা জোরদারে সার্চলাইট স্থাপন এবং থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো পলাতক বা ফেরারি আসামি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে।
নিলডুমুরে অবস্থিত বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সহল আব্দুল্লাহ (পিএসসি) জানান, অবৈধ অনুপ্রবেশ ও দেশত্যাগ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট ও সিসিটিভি স্থাপনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, গভীর সুন্দরবনে দায়িত্বে থাকা রিভারাইন বিজিবি কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আব্দুর রউফ জানান, নদীপথে অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জলযানের মাধ্যমে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
বিজিবি কর্মকর্তারা সীমান্ত সুরক্ষায় সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেছেন। সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তি, অবৈধ পারাপার কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানিয়েছেন তাঁরা।