যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে কথিত ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্রের বিস্ফোরণ ঘটিয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিশানা করার পরিকল্পনা করছে ইরান। যদিও ইরান আদৌ এমন কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে কি না বা করার চেষ্টা করবে কি না, তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে এখনো বিতর্ক চলছে।
নতুন মার্কিন গোয়েন্দা তথ্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে বলে সাতজন মার্কিন কর্মকর্তা বলছেন।
সর্বশেষ এই গোয়েন্দা তথ্য সম্পর্কে জানে এমন কয়েকটি সূত্র ইরানের এই পরিকল্পনাকে আসন্ন কোনো হামলার ইঙ্গিত হিসেবে না দেখে, বরং নিজেদের হাতে বিকল্প খোলা রাখার একটি চেষ্টা হিসেবে বর্ণনা করেছে।
তবে দুটি সূত্র দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হাতে আসা এসব ষড়যন্ত্রের তথ্য অত্যন্ত সুনির্দিষ্ট, যাতে হামলার স্থান ও নিশানার উল্লেখ রয়েছে। আর এ কারণেই যুক্তরাষ্ট্রের ভেতরে জরুরি সতর্কতামূলক প্রস্তুতির তোড়জোড় শুরু হয়েছে।
এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস বলেছেন, যুক্তরাষ্ট্র সম্ভাব্য যেকোনো এবং সব ধরনের হুমকির ওপর নজর রাখছে, তবে এই মুহূর্তে দেশের অভ্যন্তরে বিশ্বাসযোগ্য কোনো হুমকি নেই।
তবে মার্কিন কর্মকর্তারা এই গোয়েন্দা তথ্যকে ইরানের পক্ষ থেকে সংঘাত আরও বৃদ্ধির উদ্বেগজনক প্রবণতার সংকেত হিসেবে দেখছেন। কারণ, দেশটি বর্তমানে চলমান মার্কিন সামরিক হামলা এবং কঠোর অর্থনৈতিক অবরোধে প্রচণ্ড চাপে রয়েছে। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ভাষ্যমতে, এই অবরোধ দেশটিকে ‘ধ্বংস’ করে দিচ্ছে।
ওই সব সূত্রের মতে, তেহরান হামলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, এখনো এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে তারা এখন মার্কিন ভূখণ্ডে সম্ভাব্য হামলার বিষয়ে সক্রিয়ভাবে পরিকল্পনা করছে।
একটি সূত্র বলেছে, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাদের আদৌ পর্যাপ্ত লোকবল সেখানে মোতায়েন আছে কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে।
সংঘাত অবসানে কূটনৈতিক আলোচনায় অনিশ্চয়তার মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হয়ে যাবে।
কিন্তু সর্বশেষ এই হুমকি মোকাবিলায় পর্দার আড়ালে চলা জরুরি তৎপরতা প্রমাণ করছে, এই জটিল সংঘাতটি কতটা অস্থিতিশীল ও অনিশ্চিত। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প যে যুদ্ধ শুরু করেছিলেন, তার মাশুল শুধু জ্বালানি তেলের বাড়তি দামে নয়, আরও বড় কোনো উপায়ে নিজ ঘরে বসে দিতে হতে পারে।
দুটি সূত্র জানিয়েছে, ইরানের এই হুমকি কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে কর্মকর্তারা গত এক সপ্তাহে বেশ কয়েকটি বৈঠক করেছেন। ওই পরিকল্পনাকে ‘বিচক্ষণ’ বলে অভিহিত করেছে একটি সূত্র। ইরানের পক্ষ থেকে আসা হুমকির কারণে গত সপ্তাহে মার্কিন গোয়েন্দা সংস্থা বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্টকে সামরিক আবাসনে সরিয়ে নেয়। এরপরই এই তৎপরতা সামনে এল।
মঙ্গলবার সিএনএনের এই প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি ওয়াশিংটনে হামলা চালায় তবে তাদের ‘এমন মূল্য দিতে হবে, যা আগে কোনো দেশকে কখনো দিতে হয়নি।’
বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের ষড়যন্ত্র প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই চলে আসছে। ওই ষড়যন্ত্র মূলত মার্কিন কর্মকর্তারা বিদেশ সফরে থাকাকালে তাদের হত্যার সুযোগ খোঁজার মধ্যেই সীমিত ছিল। অভিযোগ রয়েছে, ২০২৪ সালে ট্রাম্পকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার পরিকল্পনাও ছিল।
কর্মকর্তারা সতর্ক করেছেন, অপ্রচলিত অস্ত্রের হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ডার্টি বোমা হচ্ছে এমন বোমা, যাতে সাধারণ বোমার ভেতরে তেজস্ক্রিয় পদার্থ ভরে তৈরি করা হয়। এ ধরনের বোমা তৈরি করা তুলনামূলকভাবে সহজ।
এ জন্য ইরানকে যেসব প্রশিক্ষিত এজেন্টদের গোপনে যুক্তরাষ্ট্রের ভেতরে ঢোকাতে হবে এমন কোনো কথা নেই। বরং তাদের কেবল যুক্তরাষ্ট্রে আগে থেকেই বসবাসরত কাউকে এই হামলা চালানোর জন্য রাজি করালেই চলবে।
ট্রাম্প প্রশাসনের একটি সূত্রের মতে, মার্কিন গোয়েন্দারা ইরানের এমন কিছু গোপন বার্তা বা কথোপকথন ধরেছে, যেখানে দাবি করা হচ্ছে, তারা যুক্তরাষ্ট্রের ভেতরেই বোমা তৈরির সরঞ্জাম লুকিয়ে রেখেছে। এই গোয়েন্দা তথ্য কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।
তবে মোটাদাগে সবাই বিশ্বাস করেন, ইরানের পক্ষে আগে থেকেই যুক্তরাষ্ট্রের ভেতরে পারমাণবিক পদার্থ বা রাসায়নিক উপাদান মজুত করে রাখাটা খুবই সহজ এবং এমনকি সম্ভবও, যা কোনো সাধারণ বোমার সঙ্গে যুক্ত করা যেতে পারে।
গোয়েন্দা তথ্যের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, ‘গত ১০ বছরের বেশির ভাগ সময় আমাদের সীমান্ত যেমন অরক্ষিত ছিল, তাতে দেশের ভেতরে এমন এজেন্ট ঢোকানো খুবই সহজ ছিল। এসব লোক বোমার যন্ত্রাংশ সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে রাখতে পারবে।
আরেকটি সূত্র জানিয়েছে, জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের অনেকেই ধারণা করছেন, আগে থেকেই মজুত করে রাখা পারমাণবিক পদার্থগুলো কয়েক বছর, এমনকি কয়েক দশক ধরেই যুক্তরাষ্ট্রের ভেতরে রয়েছে।
দ্বিতীয় ব্যক্তিটির ভাষায়, এ ধরনের হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা নতুন করে বাড়েনি, যা বদলেছে তা হলো ইরানের হামলা চালানোর তাগিদ বা উদ্দেশ্য।
নিউইয়র্কে জাতিসংঘে ইরানি মিশনের এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ইরান ‘যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে সম্পূর্ণ অবৈধ মনে করে। এ বিষয়ে ছড়ানো মিথ্যা ও বানোয়াট সব অভিযোগ পুরোপুরি ও দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে।’ তবে সম্ভাব্য ডার্টি বোমা পরিকল্পনার গোয়েন্দা তথ্যের বিষয়ে ওই মুখপাত্র সরাসরি কিছু বলেননি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যোগ করেন, যারা এই যুদ্ধ শুরু করেছে, তারা আরও আগ্রাসন ও নৃশংসতা চালাতে বৈধতার একটি আবরণ তৈরির চেষ্টা চেষ্টা করছে।
‘ডার্টি বোমা’ পারমাণবিক বোমার চেয়ে পুরোপুরি আলাদা। পারমাণবিক বোমায় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটে এবং এর ধ্বংসক্ষমতা বহুগুণ বেশি। ডার্টি বোমাও কয়েক ব্লক বা এমনকি কয়েক মাইল এলাকাজুড়ে বাতাসে বিপজ্জনক তেজস্ক্রিয়তা ছড়িয়ে দিতে পারে।
তবে বিশেষজ্ঞদের মতে, এতে কোনো প্রাণহানি ঘটলে তা তেজস্ক্রিয়তার কারণে নয়, বরং বোমা বিস্ফোরণের কারণেই ঘটবে। সাধারণ যেকোনো বোমার চেয়ে এটি তৈরি করা কঠিন না হলেও এর আসল কঠিন কাজ হলো তেজস্ক্রিয় পদার্থ সংগ্রহ করা।
নতুন এই গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত একটি সূত্র বলেছে, ‘এ ধরনের যেকোনো অস্ত্রই মূলত আতঙ্ক ছড়ানোর অস্ত্র। এগুলো কোনো নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্র নয়, ঠিক যেমন একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এগুলো মানুষকে মারাত্মক অসুস্থ করে তুলতে পারে এবং নির্দিষ্ট কিছু এলাকা বসবাসের অযোগ্য করে দিতে পারে।’
যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম চ্যালেঞ্জ হতে পারে আগেভাগেই এই ষড়যন্ত্র শনাক্ত করা। বিদেশিদের যোগাযোগের ওপর নজরদারি চালানোর অনুমতি দেওয়া গুরুত্বপূর্ণ একটি আইন গত জুনে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। কারণ, ট্রাম্পের তৎকালীন ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক বিল পুল্টেকে নিয়ে হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে অচলাবস্থা চলছিল।
গত জুনের আগে অনুমোদিত নজরদারি আদেশ ২০২৭ সালের মার্চ পর্যন্ত বহাল থাকবে। তবে জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করেছেন, কংগ্রেস কোনো পদক্ষেপ না নিলে তাঁরা ষড়যন্ত্র ধরার অন্যতম কার্যকর একটি হাতিয়ার হারাতে পারেন।
গত সপ্তাহে কংগ্রেসের উভয় কক্ষের রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ, জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন এবং সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ আইনটি আবার অনুমোদনের আহ্বান জানান। তাঁরা যুক্তি দেন, ‘এতে বিলম্ব হলে উচ্চতর হুমকির এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরে মার্কিন নাগরিক এবং বিদেশে মোতায়েন আমাদের সেনাদের জীবন ঝুঁকির মধ্যে পড়বে।’
চিঠিটি পাঠানোর কয়েক দিন আগেই কংগ্রেসের চার শীর্ষ নেতা এবং হাউস ও সিনেট গোয়েন্দা কমিটির উভয় দলের নেতাদের নিয়ে গঠিত কথিত ‘গ্যাং অব এইট’-কে ইরান সম্পর্কে ব্রিফ করা হয়েছিল। তবে ওই ব্রিফিংয়ে ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্রের নির্দিষ্ট এই হুমকির বিষয়টি আলোচনা হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।
দুই মার্কিন কর্মকর্তার মতে, কর্মকর্তারা আরেকটি গোয়েন্দা তথ্যের ওপরও কড়া নজর রাখছেন। সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইরান মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে।
দ্য নিউইয়র্ক টাইমস প্রথম এই উদ্বেগের খবর প্রকাশ করেছিল। বেশ কয়েকজন কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়েছেন, এ ধরনের হামলা থেকে বাঁচতে মার্কিন সেনাদের কাছে পর্যাপ্ত সুরক্ষামূলক সরঞ্জাম বা প্রশিক্ষণ নেই।
সর্বশেষ গোয়েন্দা তথ্য সম্পর্কে জানেন এমন একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, এই উদ্বেগের কারণে সমান্তরালভাবে আরেকটি জরুরি পরিকল্পনা শুরু হয়েছে। এটির মূল লক্ষ্য হলো ওই অঞ্চলে নিযুক্ত কূটনৈতিক ও গোয়েন্দা কর্মীদের ইরানের রাসায়নিক অস্ত্র হামলা থেকে আত্মরক্ষার জন্য তাঁদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষণ নিশ্চিত করা।
ক্রমবর্ধমান এই হুমকির ঘূর্ণাবর্ত এমন এক সময়ে সামনে এল যখন যুক্তরাষ্ট্র ও ইরান হরমুজ প্রণালিতে সংঘাতে জড়িয়ে রয়েছে। মার্কিন অবরোধ তুলে নেওয়া, প্রণালিটি খুলে দেওয়া এবং শত্রুতা বন্ধ করার লক্ষ্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা কূটনৈতিক আলোচনা এখন পর্যন্ত কোনো ফল বয়ে আনতে পারেনি।
আঞ্চলিক একটি সূত্র জোর দিয়ে বলেছে, যেকোনো ধরনের চুক্তিতে পৌঁছাতে আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আর এ সময়ে কিছু পক্ষ পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করতে পারে।
ওই আঞ্চলিক সূত্র আরও যোগ করেছে, ইরানের কট্টরপন্থী বা শাসকগোষ্ঠীর নিয়ন্ত্রণহীন অংশের ওপর নজর রাখতে হবে। তারা এই যুদ্ধ থেকে লাভবান হয়েছে এবং সংঘাত চালিয়ে যেতে হামলা চালাতে উৎসাহিত হতে পারে।
মার্কিন এক কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, ইরান ভালো করেই জানে, মধ্যপ্রাচ্যে বা যুক্তরাষ্ট্রে তারা যদি এই দুটি অস্ত্রের কোনোটি ব্যবহারের পথে হাঁটে, তবে তাদের ওপর কতটা ভয়াবহ পাল্টা আঘাতের ঝুঁকি নেমে আসবে। কিন্তু ইরানি নেতারা যদি মনে করেন, তাঁদের শাসনব্যবস্থার অস্তিত্বই প্রশ্নের মুখে পড়েছে, তবে তাঁরা হয়তো এই ঝুঁকি নেওয়াটাকে যৌক্তিক মনে করতে পারেন।