শিক্ষক কিংবা অন্য পেশায় কর্মরত ব্যক্তিদের সাংবাদিকতা করা নিয়ে আপত্তি জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তাঁর মতে, অন্য পেশার সঙ্গে যুক্ত থেকে সাংবাদিকতা করলে পেশাগত শৃঙ্খলা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।
বুধবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) আব্দুস সবুর এবং তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান।
বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র ও দায়িত্বশীল পেশা। সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সত্যতা নিশ্চিত করা, নিরপেক্ষতা বজায় রাখা এবং জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই এ পেশায় যুক্ত ব্যক্তিদের পেশাগত আচরণবিধি ও নীতিমালা মেনে চলা জরুরি।
তিনি বলেন, শিক্ষকরা সরকারের বেতনভুক্ত কর্মচারী। তাঁদের অন্য পেশা বা সাংবাদিকতায় যুক্ত হওয়ার সুযোগ নেই। বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের সাংবাদিকতার পরিচয় ব্যবহার করার অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেউ শিক্ষকতা, কেউ ব্যবসা কিংবা অন্য পেশায় যুক্ত থেকেও সাংবাদিকতার পরিচয় ব্যবহার করছেন। এ ধরনের দ্বৈত পেশা সাংবাদিকতার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।
প্রেস কাউন্সিল চেয়ারম্যান আরও বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে একজন সাংবাদিককে ব্যক্তিগত, পেশাগত কিংবা ব্যবসায়িক স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। সংবাদ সংগ্রহ ও প্রকাশের সময় তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্ব দিতে হবে। সাংবাদিকতার স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও নিশ্চিত করা প্রয়োজন।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত সুবিধা আদায়, প্রভাব বিস্তার কিংবা অন্য কোনো স্বার্থ হাসিল করতে না পারেন, তা নিশ্চিত করা জরুরি। পেশাদার সাংবাদিকতার মান উন্নয়নে সাংবাদিক, গণমাধ্যম প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা ব্যক্তিগত সুবিধা বা প্রভাব বিস্তারের মাধ্যম নয়; বরং জনগণের কাছে সত্য ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব।