ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোগড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ও মোগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলটির মনোনীত প্রার্থী সায়েব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ১০টার পর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, সায়েব আলী ২০২৪ সালের জুলাই আন্দোলন সংশ্লিষ্ট একটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি।
তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এনসিপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। রাতেই তারা আখাউড়া থানার ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং সায়েব আলীর মুক্তির দাবি জানান। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ ও হাতাহাতির অভিযোগ ওঠে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব মো. আতাউল্লাহ অভিযোগ করে বলেন, সায়েব আলী আওয়ামী লীগের নেতা নন, এমনকি দলটির কোনো পদেও নেই। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, ঘটনার পর এনসিপির আখাউড়া উপজেলা আহ্বায়ক, সদস্যসচিবসহ নেতাকর্মীরা থানার ফটকে অবস্থান নেন। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু বলেন, এনসিপির পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মারধরের যে অভিযোগ করা হচ্ছে, তা মিথ্যা। বিস্ফোরক মামলায় একজনকে গ্রেপ্তারের পর এনসিপির নেতাকর্মীরা থানার ফটকে অস্থিরতা সৃষ্টি করছিলেন। এ নিয়ে পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। তখন বিএনপির কয়েকজন নেতাকর্মী পরিস্থিতি মীমাংসার চেষ্টা করেন বলে দাবি করেন তিনি।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন সংশ্লিষ্ট বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে সায়েব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তারের খবর পেয়ে এনসিপির নেতাকর্মীরা থানার ফটকে আসেন। সেখানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের কিছু সমস্যা হয়। পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।