চাঁপাইনবাবগঞ্জে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ৪০ ভরি স্বর্ণ লুটের অভিযোগে এক পুলিশ কনস্টেবল ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবল জাকির হোসেনকে সাময়িক বরখাস্তের প্রক্রিয়াও শুরু হয়েছে। লুট হওয়া স্বর্ণের মধ্যে সাড়ে ২০ ভরি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর পুলিশ ফাঁড়ির অফিসার্স মেসে কর্মরত কনস্টেবল জাকির হোসেন এবং ভুক্তভোগী ব্যবসায়ী নিঝুমের দুলাভাই মোহাম্মদ আলী। মোহাম্মদ আলীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সাড়ে ২০ ভরি স্বর্ণ। তবে বাকি স্বর্ণ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজশাহী থেকে এক ব্যবসায়ীর পাঠানো ৪০ ভরি স্বর্ণ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে আসছিলেন মোহাম্মদ আলী। গত ৮ আগস্ট বিকেলে সদর উপজেলার মরা পাগলা নদীর কালীনগর ব্রিজের পাশে স্বর্ণগুলো হস্তান্তরের পরপরই পুলিশ পরিচয়ে জাকির হোসেনসহ দুজন সেগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর কনস্টেবল জাকির এক মাসের ছুটিতে গ্রামের বাড়িতে চলে যান। পরে কর্মস্থলে যোগ দিলে তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ এবং ঘটনার দিন ও এর আগের কয়েক দিনে জাকির হোসেনের সঙ্গে মোহাম্মদ আলী ও তাঁর ছেলে নয়নের একাধিকবার ফোনালাপের তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে তাঁদের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, কনস্টেবল জাকির হোসেনকে সাময়িক বরখাস্তের জন্য চিঠি প্রস্তুত করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বাইরে বাকি স্বর্ণ উদ্ধারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।