হিজড়া জনগোষ্ঠীর জন্য স্থানীয় পর্যায়ে সরকারি-বেসরকারি সেবা সহজলভ্য ও নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অংশীজনদের নিয়ে রংপুরে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে রংপুরের ক্যাসপিয়া দ্য হোমের সম্মেলনকক্ষে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা। অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী, পুলিশ সুপারের কার্যালয়ের ইন্সপেক্টর নাহিদ পারভেজ, মেডিকেল অফিসার ডা. মাহিনুর, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিমল চন্দ্র দেবনাথ এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মুহাম্মদ ফজলে নিজামী।

এ ছাড়া সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, আইনজীবী এবং হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা অংশ নেন।
পরামর্শ সভায় সরকারি-বেসরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের বিদ্যমান প্রতিবন্ধকতা, সেবা পেতে বিভিন্ন জটিলতা এবং এসব সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্থানীয় পর্যায়ে সরকারি দপ্তর, সেবাদানকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি হিজড়া জনগোষ্ঠীর জন্য সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
.jpeg)
সভায় হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ সম্প্রসারণ, তাঁদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এবং সমাজের মূলধারায় অন্তর্ভুক্তির জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।