‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করেন। এ সময় দুর্যোগকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণ, নিরাপদে সরে যাওয়া এবং নিজের জীবন রক্ষায় করণীয় বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।
পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. নাহিদা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হুমায়ুন কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান আখন্দ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে ইউএনও এ.টি.এম. কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। বিভিন্ন দুর্যোগে দেশের মানুষ নানা ধরনের ক্ষয়ক্ষতির শিকার হন। এসব ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি।
তিনি বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতন করে তোলার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি ভূমিকম্প, বজ্রপাত ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত জনবল গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।