সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরে চরে কেওড়া পাড়তে গিয়ে রহমত আলী (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গোলাখালী চরে এ ঘটনা ঘটে। নিহত রহমত আলী রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের ফজর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে মেহমান আসার কথা থাকায় সকালে সাইকেলে করে গোলাখালী চরে যান রহমত আলী। সেখানে বাড়ির জন্য কেওড়া পাড়ার সময় হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ সময় ঘটনাস্থলের পাশে থাকা একটি মাছের ঘেরে মাছ ধরছিলেন স্থানীয় কয়েকজন। তাঁরা বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে রহমত আলীর মরদেহ উদ্ধার করেন।
নিহতের প্রতিবেশী খোকন জানান, বাড়িতে দুপুরে মেহমান খাওয়ানোর আয়োজন থাকায় রহমত আলী সকালে কেওড়া পাড়তে গোলাখালী চরে গিয়েছিলেন। সেখানেই দুর্ঘটনার শিকার হন তিনি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।