ওজন মেশিনে বিশেষ কৌশলে রশি ও রাবার সংযুক্ত করে ইলিশ মাছ বিক্রির সময় ক্রেতাদের কম ওজন দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক মাছ বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দবাজার এলাকার মাছের পাইকারি ও খুচরা আড়ত ও দোকানে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযানে মেসার্স সিয়াম মিয়া নামের ইলিশ মাছের দোকানে ওজন মেশিনে অভিনব কারচুপি ধরা পড়ে। বিক্রেতা আপেল মাহমুদ মেশিনের ভেতরে বিশেষ কৌশলে রাবার ও রশি সংযুক্ত করে রেখেছিলেন। রশিটির অপরপ্রান্ত গামছার আড়ালে তাঁর হাতের কাছে রাখা ছিল। রশি টানা বা ঢিলা করে ইচ্ছেমতো ওজন কম-বেশি করার ব্যবস্থা করা হয়েছিল বলে অভিযানে বিষয়টি ধরা পড়ে।
এ সময় কারচুপির কাজে ব্যবহৃত রশি, রাবারসহ ওজন মেশিনটি জব্দ করা হয়। অভিযানের কর্মকর্তাদের কাছে বিক্রেতা কারচুপির বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ধরা পড়লে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।