ছবি সংগৃহিত
ভারতের রাজনীতিতে ২০০৪ সালের লোকসভা নির্বাচন ছিল গুরুত্বপূর্ণ এক অধ্যায়। ওই নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোট জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে সোনিয়া গান্ধীর নাম সামনে আসে। দলীয় নেতা ও জোটের শরিকদের পক্ষ থেকেও তাঁকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নেন সোনিয়া। সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীতে সেই সিদ্ধান্ত নেওয়ার পেছনের ঘটনা ও মানসিক দ্বন্দ্বের বিস্তারিত তুলে ধরেছেন তিনি।
সোনিয়ার আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এর বরাত দিয়ে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। বইটিতে সোনিয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রিত্বের সম্ভাবনা নিয়ে ২০০৪ সালের নির্বাচনের কয়েক মাস আগেই ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে আলোচনা করেছিলেন তিনি।
সোনিয়া লিখেছেন, সন্তানদের কাছে তিনি জানতে চেয়েছিলেন, কংগ্রেস নির্বাচনে জয়ী হলে তাঁর প্রধানমন্ত্রী হওয়া উচিত কি না। তাঁদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, প্রধানমন্ত্রিত্ব গ্রহণের কোনো ইচ্ছা তাঁর নেই। রাহুল ও প্রিয়াঙ্কাও চাননি তাঁদের মা এই দায়িত্ব নিন। ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ড তাঁদের মনে গভীর প্রভাব ফেলেছিল। ফলে প্রধানমন্ত্রীর পদ গ্রহণের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে তাঁরা উদ্বিগ্ন ছিলেন।
সোনিয়ার ভাষ্য অনুযায়ী, তাঁর এই অবস্থান জেনে সন্তানরা আশ্বস্ত হয়েছিলেন। একই সঙ্গে তাঁর নিজের মন থেকেও এক ধরনের চাপ কমে যায়।
সিদ্ধান্ত নিয়ে ছিল দ্বিধা
তবে প্রধানমন্ত্রিত্ব প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেওয়া সোনিয়ার জন্য সহজ ছিল না। একদিকে নিজের ব্যক্তিগত অনিচ্ছা, অন্যদিকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রত্যাশা—দুইয়ের মধ্যে মানসিক টানাপোড়েন চলছিল তাঁর। তিনি উপলব্ধি করছিলেন, দায়িত্ব গ্রহণ না করলে দলের অনেক নেতা-কর্মী হতাশ হতে পারেন। আবার প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করলে দেশের রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কাও ছিল।
সোনিয়া জানান, নির্বাচনী প্রচারের পুরো সময় তিনি নিজের অবস্থান প্রকাশ করেননি। নেতৃত্ব নিয়ে দলের ভেতরে কোনো ধরনের বিভক্তি তৈরি হোক, সেটিও চাননি। তাঁর মতে, কংগ্রেসের নেতৃত্ব ও সরকার পরিচালনার জন্য অভিজ্ঞতা এবং সততার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
শরিকদের অনুরোধেও বদলাননি অবস্থান
নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোট জয়ী হওয়ার পর সোনিয়ার বাসভবনে জোটের শরিক নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত নেতারা তাঁকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য দীর্ঘ সময় ধরে অনুরোধ জানান।
সোনিয়া আত্মজীবনীতে লিখেছেন, প্রায় এক ঘণ্টা ধরে নেতাদের বক্তব্য শোনার পর তিনি নিজের অনিচ্ছার কথা জানান। কিন্তু তাঁর সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি শরিক নেতারা। তাঁরা আপত্তি জানান এবং তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সোনিয়া নিজেও কিছুটা বিচলিত হয়ে পড়েন।
বৈঠকের সময় জানালার পাশে দাঁড়িয়ে পুরো ঘটনা শুনছিলেন প্রিয়াঙ্কা। পরে তিনি মাকে জানান, শরিক নেতারা যেভাবে তাঁকে ঘিরে ধরেছিলেন, তাতে তাঁর মনে হয়েছিল মাকে জোর করে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করা হচ্ছে।
বিষয়টি জানার পর রাহুল ও প্রিয়াঙ্কা মায়ের কাছে ছুটে যান। সোনিয়া তাঁদের জানান, তিনি প্রধানমন্ত্রী হতে চান না, কিন্তু নেতাদের চাপের কারণে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছিল। সন্তানরা তাঁকে নিজের সিদ্ধান্তে অটল থাকার পরামর্শ দেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
বিদেশিনী পরিচয় নিয়েও ছিল উদ্বেগ
সোনিয়ার আত্মজীবনীতে উঠে এসেছে, প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করলে তাঁর বিদেশে জন্ম নেওয়ার বিষয়টি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে আসতে পারে বলে আশঙ্কা করেছিলেন তিনি। তাঁর ধারণা ছিল, বিজেপি তাঁর বিদেশিনী পরিচয়কে রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারে। এতে দেশের রাজনৈতিক পরিবেশ আরও বিভক্ত হওয়ার আশঙ্কা ছিল।
তিনি লিখেছেন, যে দেশকে ভালোবাসেন, সেই দেশের ক্ষতি হতে পারে—এমন কোনো দায়িত্ব তিনি নিতে চাননি। তাঁর কাছে ক্ষমতার চেয়ে দেশের ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষা বেশি গুরুত্বপূর্ণ ছিল।
শেষ পর্যন্ত মনমোহন সিংকে বেছে নেন
সারা রাত নিজের সিদ্ধান্ত নিয়ে ভাবার পর ভোরে চূড়ান্ত অবস্থান নেন সোনিয়া। সকালে রাহুলকে জানিয়ে দেন, তিনি নিজের সিদ্ধান্তেই অটল থাকবেন। রাহুলও তাঁর সিদ্ধান্তকে সমর্থন করেন।
এরপর কংগ্রেসের সংসদীয় দলের নেতা নির্বাচনের দিন পার্লামেন্টের সেন্ট্রাল হলে উপস্থিত হন সোনিয়া। সেখানে দলীয় নেতারা তাঁকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আবারও অনুরোধ জানান। কিন্তু তিনি নিজের লিখিত বক্তব্যে স্পষ্ট করে দেন, প্রধানমন্ত্রিত্ব কখনোই তাঁর রাজনৈতিক জীবনের লক্ষ্য ছিল না।
সোনিয়া বলেন, দলের নেতা হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হওয়ায় তিনি সবার প্রতি কৃতজ্ঞ। তবে নিজের নীতিগত অবস্থান থেকে সরে আসবেন না। তাঁর কাছে ক্ষমতা কখনোই প্রধান আকর্ষণ ছিল না; বরং দেশের ধর্মনিরপেক্ষতার ভিত্তি রক্ষা এবং দরিদ্র মানুষের কল্যাণই ছিল রাজনৈতিক অঙ্গীকার।
এরপর প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংয়ের নাম প্রস্তাব করেন তিনি। উপস্থিত নেতারা করতালির মাধ্যমে এ সিদ্ধান্তকে স্বাগত জানান। রাহুল ও প্রিয়াঙ্কাও মায়ের সিদ্ধান্তে সমর্থন জানান।
আত্মজীবনীতে ওই সময়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে সোনিয়া লিখেছেন, শেষ পর্যন্ত তাঁর জন্য সেটিই ছিল এক অগ্নিপরীক্ষার সমাপ্তি।