রংপুরের গঙ্গাচড়ায় বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। শুক্রবার রাতে উপজেলার খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা বাবুপাড়া গ্রামের দুলাল সরকারের স্ত্রী রাধা রানী সরকার (৪০) এবং দ্বিজেন্দ্র নাথ সরকারের স্ত্রী অঞ্জনা রানী সরকার (৫০)।
শনিবার (২৫ জুলাই) সকালে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ঢাকা মেট্রো-ট ২৪-১৫৭৮ নম্বরের একটি বালুবাহী ট্রাক জলঢাকা থেকে পাগলাপীরের দিকে যাচ্ছিল। পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নারী নিহত হন।
গুরুতর আহত মোটরসাইকেল চালক অজিত চন্দ্র সরকারকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।