সাতক্ষীরার কালীগঞ্জে একটি বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে গৃহকর্তার স্ত্রী ও মেয়েকে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ সময় মা-মেয়ের হাত-পা ও মুখ গামছা দিয়ে বেঁধে রাখা হয়। একই বাড়িতে এর আগেও চুরির ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের সনকা গ্রামে নিয়ামুল মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির কর্তা নিয়ামুল মাস্টার বাড়িতে ছিলেন না। সন্ধ্যায় তাঁর স্ত্রী রান্নাঘরের বৈদ্যুতিক বাতি জ্বালাতে গেলে খোলা দরজা দিয়ে মুখোশ পরা দুই থেকে তিনজন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। এরপর তারা অস্ত্রের ভয় দেখিয়ে গৃহকর্ত্রী ও তাঁর মেয়েকে জিম্মি করে এবং গামছা দিয়ে তাঁদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে।
একপর্যায়ে দুর্বৃত্তরা বাড়ির আলমারি ও শোকেস তছনছ করে ১৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, নগদ ১৬ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরিবারের দাবি, লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য তিন লাখ টাকার বেশি।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, প্রায় ১০ থেকে ১৩ দিন আগেও একই বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই সময় সন্ধ্যায় জানালা খোলা থাকার সুযোগে দুর্বৃত্তরা গৃহকর্ত্রীর কানের দুল নিয়ে যায়। আগের ঘটনার কোনো সুরাহা না হতেই এবার অস্ত্রের মুখে মা-মেয়েকে জিম্মি করে লুটের ঘটনায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
খবর পেয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নিকুঞ্জ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।