শিরোনাম

বজ্রপাত মোকাবিলা ও সবুজায়নে দেবীগঞ্জে ২ হাজার তালবীজ রোপণ

বজ্রপাত মোকাবিলা ও সবুজায়নে দেবীগঞ্জে ২ হাজার তালবীজ রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পঞ্চগড়ের দেবীগঞ্জে ২ হাজার তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

‘সবুজের পথে নতুন অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পামুলী ইউনিয়নের গাববাড়ী এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। স্থানীয় সামাজিক সংগঠন ‘হিলফুল ফুজুল যুব সংগঠন’ কর্মসূচিটি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে মৃত্যুর ঘটনা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসার উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করছেন বৃক্ষরোপণের জন্য পরিচিত বৃক্ষপ্রেমী ও নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল। তিনি ‘তাল বেলাল’ নামে পরিচিত।

আয়োজকেরা জানান, মাহমুদুন নবী বেলাল এর আগে নওগাঁ-রাজশাহী মহাসড়কের প্রায় ৭৫ কিলোমিটারজুড়ে তালগাছসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছেন। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরেও চেরি ফুলসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে পরিবেশবান্ধব উদ্যোগ নিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিত সাহা, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া এবং নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল।

এ সময় নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার সহসভাপতি আসাদুজ্জামান খান চৌধুরী আপেল, অর্থ সম্পাদক তানিয়া ফেরদৌসী, সদস্য পারুল আক্তার, সবুজ হোসেন, আব্দুল হালিম, আন্তর আহম্মেদসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, পামুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার প্রধান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক আরিফ প্রধান, ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি সফল করতে হিলফুল ফুজুল যুব সংগঠনের নেতা সাজ্জাদ হোসেন, আসাদুজ্জামান নূর প্রথমসহ সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবকেরা কাজ করেন।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ সড়কের সৌন্দর্য বৃদ্ধি, মাটির ক্ষয়রোধ এবং বজ্রপাতের ঝুঁকি মোকাবিলার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষাই এ উদ্যোগের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে দেবীগঞ্জ উপজেলার অন্যান্য সড়ক ও খালি জায়গাতেও তালবীজ রোপণ কার্যক্রম চালানো হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর