শিরোনাম

সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ে ৩০ স্টল নিয়ে উদ্যোক্তা মেলা

সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ে ৩০ স্টল নিয়ে উদ্যোক্তা মেলা

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) ৩০টি স্টল নিয়ে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাবের উদ্যোগে এবং ইস্পাহানি গ্রুপের সহযোগিতায় ‘এন্ট্রাপ্রেনিউরশিপ ফেয়ার ২.০’ শীর্ষক এ মেলার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

শিক্ষার্থীদের সৃজনশীলতা, নতুন ব্যবসায়িক ধারণা এবং উদ্যোক্তা হওয়ার আগ্রহকে উৎসাহিত করতে আয়োজিত মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। তাঁদের পরিচালিত ৩০টি স্টলে খাবার, গহনা, পোশাক, হস্তশিল্প ও ঘর সাজানোর সামগ্রীসহ বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, কোষাধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. শামীম রেজা (অব.), ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. শাহ আলম এবং সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এ সময় সহযোগী প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের প্রতিনিধির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

মেলায় অংশ নেওয়া স্টলগুলোর পণ্যের বৈচিত্র্য, উপস্থাপনা, সৃজনশীলতা ও সাজসজ্জাসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করে সেরা তিনটি স্টল নির্বাচন করা হয়। এতে প্রথম হয় ‘ফ্রুটি এপ্লিক্যাশন’, দ্বিতীয় ‘পকরিতি কানন’ এবং তৃতীয় স্থান অর্জন করে ‘মেহের’।

বিজনেস ক্লাবের সভাপতি তানভির রহমান জানান, শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি এবং তাঁদের ব্যবসায়িক ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ করে দিতেই এ আয়োজন। মেলায় শিক্ষার্থীরা নিজেদের পণ্য ও সেবা ক্রেতাদের সামনে তুলে ধরার পাশাপাশি বাজার সম্পর্কে ধারণা এবং সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পেয়েছেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের নতুন উদ্যোগ ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা করেন তিনি।

এ সময় বিজনেস ক্লাবের সহসভাপতি মোরশেদুস সাকলাইন, সাধারণ সম্পাদক বাদশা সেকেন্দার মুন, অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার কামাল শাফিন, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, তওহিদ আল রাজিসহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর