জামালপুরের মেলান্দহে সাংবাদিক ও পুলিশকে মারধরের হুমকি দেওয়ার অভিযোগে ছড়িয়ে পড়া অডিওর ঘটনায় আজমাইন হোসেন লাঞ্জু নামে এক ছাত্রদল সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার পূর্ব মালঞ্চ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে মেলান্দহ থানা-পুলিশ। গ্রেপ্তার লাঞ্জু ওই এলাকার সুজা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সম্প্রতি মেলান্দহ উপজেলা ছাত্রদলের একটি মেসেঞ্জার গ্রুপের কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে লাঞ্জুকে বলতে শোনা যায়, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় কয়েকজন সাংবাদিক ও পুলিশ সদস্যকে মারধর করতে না পারলে ছাত্রদল করার অর্থ কী।
অডিওতে স্থানীয় ছাত্রদল নেতা জুয়েলের অনুমতির প্রসঙ্গ তুলে সাংবাদিকদের মারধরের হুমকি দিতেও শোনা যায়। এ ছাড়া সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের আটকে রেখে মারধর এবং পরে সংসদ সদস্যকে জানানোর পর তাঁদের থানায় সোপর্দ করার পরিকল্পনা নিয়ে কথোপকথন শোনা যায় বলে জানা গেছে।
অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি নজরে আসার পর জামালপুরের পুলিশ সুপারের নির্দেশে অভিযান চালিয়ে লাঞ্জুকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মেলান্দহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান শিপলু ফকির বলেন, বিষয়টি নিয়ে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হুমকির অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।