জুলাই পদসভায় অংশ নিতে মঙ্গলবার (২১ জুলাই) নীলফামারী সফরে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর চার কেন্দ্রীয় নেতা। তাদের আগমনকে কেন্দ্র করে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা ও লিফলেট বিতরণ চলছে।
সোমবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির নীলফামারী জেলা আহ্বায়ক আব্দুল মজিদ।
তিনি জানান, দলের আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী মঙ্গলবার দুপুর ২টার দিকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে নীলফামারীর জলঢাকায় পৌঁছাবেন। সেখানে পেট্রোল পাম্প এলাকায় আয়োজিত জুলাই পদসভায় অংশ নেওয়ার পর জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে তারা বক্তব্য রাখবেন।
তিনি আরও জানান, জলঢাকার কর্মসূচি শেষে বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় নেতারা নীলফামারী সদর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত আরেকটি পথসভায় অংশ নেবেন। সেখানে বক্তব্য শেষে তারা লালমনিরহাটের উদ্দেশে রওনা হবেন।
এদিকে কেন্দ্রীয় নেতাদের সফরকে ঘিরে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, নেতাদের সফর উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ স্থানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন, যাতে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।