শিরোনাম

‘আপনাদের নেতা-এমপি-মন্ত্রী কমিশন খান না, জোর গলায় বলবেন’

‘আপনাদের নেতা-এমপি-মন্ত্রী কমিশন খান না, জোর গলায় বলবেন’

নিজেদের নেতা, সংসদ সদস্য ও মন্ত্রী কমিশন নেন না—এ কথা জোর গলায় জনগণকে জানানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী ও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে শৈলকুপা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

আইনমন্ত্রী বলেন, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধে কাজ করা হচ্ছে। উন্নয়নের ক্ষেত্রে কোনো আপস করা হবে না। কেউ অন্যায় করলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শৈলকুপায় মব জাস্টিসের কোনো সুযোগ দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। আগামী পাঁচ বছরের মধ্যে উপজেলার প্রতিটি গ্রামের সড়ক নির্মাণ ও উন্নয়নকাজ সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন আইনমন্ত্রী।

কারাগারে বন্দিদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, কারাগার পরিদর্শনের সময় নারী বন্দিদের জন্য সেলাই মেশিনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি গরমে বন্দিদের দুর্ভোগ কমাতে অতিরিক্ত ৩০টি ফ্যান সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।

এ সময় বিএনপি নেতা খলিলুর রহমান, ওসমান আলী বিশ্বাস, নজরুল ইসলাম জোয়ার্দার, মনিরুল ইসলাম হিঠু, রাকিবুল হাসান খান দিপু, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু ও সাজ্জাদুর রহমানসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর