শিরোনাম
থানায় মামলা

বালু ব্যবসায়ীকে কান কামড়ে জখমের ঘটনায় বিএনপি নেতা মহিউদ্দিনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বালু ব্যবসায়ীকে কান কামড়ে জখমের ঘটনায়  বিএনপি নেতা মহিউদ্দিনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

নরসিংদীর পলাশ উপজেলায় এক বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর, কান কামড়ে জখম এবং চাঁদা দাবির অভিযোগে ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়াকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে মেসার্স সজীব ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সজীব মিয়া বাদী হয়ে পলাশ থানায় মামলাটি করেন। বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন।

মামলার অন্য আসামিরা হলেন— জামাল (৪১), জনি (৩২), আনোয়ার (৪৩), শফিক (৩৭), আমিনুল (৪০), সোহেল (৩৮), জুয়েল (৩৫), মানিক (৪০), রায়হান (৩৪) ও রিজন (৩৭)।

মামলার এজাহারে বলা হয়, সজীব মিয়া একটি শিল্পপ্রতিষ্ঠানে বালু, ইট ও রড সরবরাহের কাজ পেয়ে বালু ব্যবসায়ী সাখাওয়াত হোসেনকে ড্রেজার মেশিন ও পাইপ ভাড়াসহ কাজের দায়িত্ব দেন। সোমবার বিকেলে ঘোড়াশালের টেকপাড়ায় বাংলাদেশ জুট মিলসের অভ্যন্তরে নদীর তীরে ড্রেজার মেশিন বসানোর সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল ব্যক্তি সেখানে গিয়ে কাজ বন্ধ করতে বলেন এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাখাওয়াত হোসেনের মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় ঘটনাস্থলে থাকা ড্রেজার মেশিনের পাইপ ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি করা হয়।

পরে সাখাওয়াতকে মহিউদ্দিন চিশতিয়ার বাড়ির উঠানে নিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তার কানে কামড় দিয়ে গুরুতর জখম করা হয় এবং গলায় গামছা পেঁচিয়ে হত্যাচেষ্টারও অভিযোগ আনা হয়েছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় দক্ষিণ চরপাড়া সড়কের পাশে ফেলে রেখে যাওয়া হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পলাশ থানার ওসি শাহেদ আল-মামুন জানান, ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর