শিরোনাম

ঝড়ে ক্ষতিগ্রস্ত সৈয়দপুরের ন্যাশনাল ক্রিকেট একাডেমির পাশে উপজেলা পরিষদ

ঝড়ে ক্ষতিগ্রস্ত সৈয়দপুরের ন্যাশনাল ক্রিকেট একাডেমির পাশে উপজেলা পরিষদ

ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে দীর্ঘদিন অনুশীলন কার্যক্রম বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক পরিবেশে ফিরছে নীলফামারীর সৈয়দপুরের ন্যাশনাল ক্রিকেট একাডেমি। ঝড়ে একাডেমির অনুশীলন নেট ও খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় অনুশীলন ব্যাহত হচ্ছিল। এ পরিস্থিতিতে একাডেমির পাশে দাঁড়িয়েছে সৈয়দপুর উপজেলা পরিষদ।

বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে একাডেমির প্রতিনিধিদের হাতে ১০০ ফুট × ১৪ ফুট আকারের একটি নতুন অনুশীলন নেট তুলে দেওয়া হয়। উপজেলা পরিষদের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। এ সময় উপজেলা প্রকৌশলী এস এম আলী রেজা রাজু, ক্রীড়াবিদ মোক্তার সিদ্দিকী, ক্রীড়ানুরাগী এহতেশামুল হক সানিসহ একাডেমির কোচ, কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

নতুন অনুশীলন নেট পেয়ে সন্তোষ প্রকাশ করেন একাডেমির কোচ ও ক্রিকেটাররা। কোচ নওশাদ ও ক্রিকেটার হ্যাপি বলেন, ঝড়ে অনুশীলন নেট নষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘদিন নিয়মিত অনুশীলন ব্যাহত হচ্ছিল। উপজেলা পরিষদের সহায়তায় নতুন নেট পাওয়ায় খেলোয়াড়রা আবারও নিয়মিত অনুশীলনে ফিরতে পারবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, খেলাধুলার উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত ন্যাশনাল ক্রিকেট একাডেমির অনুশীলন যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যেই উপজেলা পরিষদের পক্ষ থেকে নতুন অনুশীলন নেট প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও ক্রীড়াঙ্গনের উন্নয়নে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর