বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কের পাশে বিকল পিকআপভ্যান নিয়ে সহায়তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এক চালককে অজ্ঞাত একটি পরিবহন চাপা দিয়ে পালিয়েছে। এতে মো. আফজাল হোসেন (২৭) নামে ওই পিকআপচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফজাল হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার গুপ্তিপুর গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপালগঞ্জ থেকে পিকআপভ্যান নিয়ে সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিলেন আফজাল হোসেন। কাকডাঙ্গা এলাকায় পৌঁছালে তাঁর গাড়িতে ত্রুটি দেখা দেয়। পরে তিনি পিকআপভ্যানটি মহাসড়কের পাশে থামিয়ে অন্য যানবাহনের সহায়তার জন্য অপেক্ষা করছিলেন।
এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত পরিবহন তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন আফজাল। খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ইফসুব শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনার জন্য দায়ী পরিবহনটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।