শিরোনাম
ওয়ার্ল্ড ভিশনের ‘ফাইভ জিরো’ কর্মসূচির সফলতা উদযাপন

বাল্যবিবাহ-শিশুশ্রমমুক্ত রামপাল, স্কুলে ফিরেছে ঝরে পড়া শিশুরা

বাল্যবিবাহ-শিশুশ্রমমুক্ত রামপাল, স্কুলে ফিরেছে ঝরে পড়া শিশুরা

ওয়ার্ল্ড ভিশনের ‘ফাইভ জিরো’ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় বাগেরহাটের রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশু মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী। তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র পাঠ করেন।

ওয়ার্ল্ড ভিশন রামপাল প্রোগ্রাম অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার জানান, ‘ফাইভ জিরো’ কর্মসূচির আওতায় রামপালে ১০ হাজার ৪২০ শিশু ও যুবক এবং ৪২ হাজার ১১ জন কমিউনিটি সদস্যের মধ্যে বাল্যবিবাহ, শিশুশ্রম, স্কুল থেকে ঝরে পড়া, শিশুর অপুষ্টি ও ‘জিরো হাঙ্গার’ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এ কার্যক্রমের আওতায় ৮ হাজার ৫৮০টি পরিবারের কাছে বিভিন্নভাবে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়। সামাজিক আচরণ পরিবর্তনে নাটক, গণসংযোগ, ক্রীড়া কার্যক্রম এবং কিশোর-কিশোরীদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়।

ফুলি সরকার জানান, ২ হাজার ২৬৩টি ঝুঁকিপূর্ণ ও দুর্যোগকবলিত পরিবারের সক্ষমতা বৃদ্ধিতে মোট ৪ কোটি ৯৭ লাখ ৭১ হাজার টাকার সম্পদ হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি স্কুলের বাইরে থাকা শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে ‘ব্যাক টু স্কুল’ ক্যাম্পেইন এবং ‘চাইল্ড ভয়েস’ সেশন পরিচালনা করা হয়।

তিনি বলেন, এসব কার্যক্রমের ধারাবাহিকতায় রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশু মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা সম্ভব হয়েছে।

এছাড়া স্থানীয় সরকার, পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, সাংবাদিক, বেসরকারি সংস্থা ও স্থানীয় যুবকদের সমন্বয়ে শিশু সুরক্ষা ও সামাজিক উন্নয়নে একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মসূচির উপকারভোগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর