শিরোনাম

ইশরাকের অস্ত্র হাতে নামার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা দেখছেন আখতার

ইশরাকের অস্ত্র হাতে নামার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা দেখছেন আখতার

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই ইশরাক হোসেনকে অস্ত্র হাতে মাঠে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আখতার হোসেন।

তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। বিভিন্ন স্থানে মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো অপরাধের ঘটনা ঘটছে। ইশরাক হোসেনের ঘটনাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতাকে আবারও সামনে এনেছে বলে তিনি মনে করেন।

আখতার হোসেনের অভিযোগ, মাদক নির্মূলে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ প্রতিরোধেও পর্যাপ্ত কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। এ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানো এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, শুধু একজন প্রতিমন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। এ ক্ষেত্রে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া জরুরি।

ইশরাকের পদত্যাগের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির সদস্যসচিব। তাঁর ভাষ্য, ঘটনাটি কেবল অস্ত্র প্রদর্শনের সঙ্গে সম্পর্কিত, নাকি এর পেছনে বিএনপির অভ্যন্তরীণ কোনো বিরোধ রয়েছে, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

আখতার হোসেন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নিতে হবে। সীমান্ত সুরক্ষিত করার পাশাপাশি অবৈধ মাদক প্রবেশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শুধু লোকদেখানো পদক্ষেপে পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে যেসব ব্যর্থতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। সরকারের কাছে তাঁদের এটাই দাবি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর