ঢাকার ধামরাইয়ে চারটি ককটেল ও তিনটি পেট্রোল বোমাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি করেছে পুলিশ। তবে গ্রেপ্তার পাঁচজনের মধ্যে দুজন ছাড়া বাকিদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (১৫ নভেম্বর) গ্রেপ্তারদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা।
মামলায় এজাহারভুক্ত ২২ জনসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে আসামিদের সবাইকে আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চারটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। পরে রোববার সকালে গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশের দাবির স্বাধীনভাবে পূর্ণাঙ্গ সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।