টাঙ্গাইল শহরে ট্রাফিক পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় ৩১ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস আটক করা হয়েছে। তবে পুলিশের ধাওয়া টের পেয়ে গাড়িতে থাকা চালকসহ অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার ৯টার দিকে শহরের মেইন রোডে রূপবানী সিনেমা হলের সামনে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে রূপবানী সিনেমা হল এলাকায় এটিএসআই জহুরুলের নেতৃত্বে ট্রাফিক পুলিশের একটি দল আকস্মিক চেকপোস্ট বসায়। এ সময় একটি মাইক্রোবাসকে থামার সংকেত দিলে চালক তা উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ট্রাফিক পুলিশের সদস্যরা গাড়িটির পিছু নেন।
একপর্যায়ে মাইক্রোবাসটি আটক করতে সক্ষম হলেও পুলিশ পৌঁছানোর আগেই চালকসহ গাড়িতে থাকা অন্যরা পালিয়ে যায়। পুলিশ জানায়, ঘটনাস্থলে মাইক্রোবাসটি চালু অবস্থায় পাওয়া যায়।
ট্রাফিক পুলিশের সদস্যরা জানান, পথচারীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে মাইক্রোবাসটি টাঙ্গাইল পুরাতন সদর থানার ট্রাফিক অফিসে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক উদ্ধারের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। গাড়িতে থাকা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।