টাঙ্গাইলের মধুপুরে নারী ধর্ষণের মামলায় মো. আরিফ ও মো. রুবেল নামে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার জেলা শিশু ও নারী সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে মো. আরিফ এবং একই এলাকার আয়নালের ছেলে মো. রুবেল।
মামলার নথি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খন্দকার মো. রোকুনুজ্জামানের বক্তব্য অনুযায়ী, গভীর রাতে নিজ বাড়ি থেকে প্রতিবেশী মোস্তাকের বাড়িতে যাওয়ার পথে স্থানীয় একটি পুকুরপাড়ে পৌঁছালে আরিফ ও রুবেল ওই নারীকে পথরোধ করেন। এ সময় তাঁদের মধ্যে তর্কবিতর্ক হয়।
একপর্যায়ে আসামিরা ওই নারীকে পাশের একটি কাচারি ঘরের বারান্দার খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন। পরে তাঁকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে এবং সকালে বাঁধন খুলে দেন বলে মামলায় অভিযোগ করা হয়।
ঘটনার পর সকালে ভুক্তভোগী মধুপুর থানায় গিয়ে আরিফ ও রুবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।
মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচারিক কার্যক্রমে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার তাঁদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।