ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া আব্দুল্লাহ আল মাহফুজকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করেছে হল প্রশাসন। একই সঙ্গে তার নামে বরাদ্দকৃত আবাসিক আসনও বাতিল করা হয়েছে।
বিজয় একাত্তর হল প্রাধ্যক্ষের কার্যালয় থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
আব্দুল্লাহ আল মাহফুজ ডাকসু নির্বাচনের সময় ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের জয় নিয়ে ‘লন্ডন হতে জানেন নাকি, সাদিক কায়েম ডাকসু ভিপি’সহ বিভিন্ন ব্যঙ্গাত্মক স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন।
এদিকে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা মাহফুজকে ছাত্রশিবিরের কর্মী বলে দাবি করলেও, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার মিডিয়া ও প্রচার সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ বলেছেন, মাহফুজের সঙ্গে সংগঠনটির কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।