শিরোনাম

মসজিদে বোমা হামলায় পাকিস্তানে নিহত ১৫, আহত অর্ধশতাধিক

মসজিদে বোমা হামলায় পাকিস্তানে নিহত ১৫, আহত অর্ধশতাধিক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি। আহতদের অধিকাংশই নামাজ আদায় করতে আসা মুসল্লি।

শুক্রবার আফগানিস্তান সীমান্তবর্তী কোহাটের একটি মসজিদে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে আল জাজিরা। দেশটির উদ্ধার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা বিলাল ফায়জি এ তথ্য নিশ্চিত করেন।

ডিপিএ বার্তা সংস্থার প্রতিবেদনে চিকিৎসক তাহির শাহ জানান, অন্তত ১৫ জনের মরদেহ এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাদেশিক পুলিশের প্রধান জুলফিকার হামিদ বলেন, বিস্ফোরণের পর আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। বিপুলসংখ্যক আহতের চিকিৎসায় সেখানে জরুরি পরিস্থিতি জারি করা হয়েছে।

বিস্ফোরণে মসজিদের পাশাপাশি আশপাশের কয়েকটি দোকান ও বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরকভর্তি একটি গাড়ি মসজিদে ঢুকিয়ে হামলা চালানো হয়ে থাকতে পারে। তবে হামলার ধরন ও দায়ীদের বিষয়ে তদন্ত চলছে।

এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি বা সংগঠন স্বীকার করেনি। খাইবার পাখতুনখোয়া অঞ্চলে আইএসআইএল-সংশ্লিষ্ট একটি আঞ্চলিক শাখা এবং পাকিস্তান তালেবান (টিটিপি) সক্রিয় রয়েছে।

হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত এবং উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণে মসজিদের ছাদ ক্ষতিগ্রস্ত হওয়ার দৃশ্য দেখা গেছে। উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর