শিরোনাম

বড় ভাইয়ের পর এবার ছোট ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

বড় ভাইয়ের পর এবার ছোট ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

মানিকগঞ্জে বড় ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনার ১২ দিনের মাথায় এবার ছোট ভাইয়ের ওপর একই ধরনের হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৭ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দিঘলিয়া এলাকায় কালিগঙ্গা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। আহত খলিল বিশ্বাস বিজয় (৩৪) বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বিজয় দিঘলিয়া গ্রামের খোয়াজ বিশ্বাসের ছেলে। পেশায় ওষুধ ব্যবসায়ী বিজয়ের ‘বিশ্বাস মেডিকেল হল’ নামে একটি ওষুধের দোকান রয়েছে। তাঁর অভিযোগ, দোকানের সামনে থেকে তাঁকে তুলে নদীর পাড়ে নিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন বিজয় জানান, গত ২৫ সেপ্টেম্বর তাঁর বড় ভাই মহসিন বিশ্বাসকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর ভাবি আফরোজা বেগম বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। ওই মামলায় ছালাম হোসেন (৩৪) চার নম্বর আসামি। এ ছাড়া ছালামের সঙ্গে ১৬ লাখ টাকার চেক ডিজঅনারের একটি মামলা চলমান রয়েছে। বিজয়ের দাবি, ওই মামলায় আদালত ছালামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

বিজয়ের ভাষ্য অনুযায়ী, বুধবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতিকালে দিঘলিয়া গ্রামের নিজাম উদ্দীনের ছেলে ছালাম হোসেন, তাঁর ছেলে রাব্বি (১৯), স্থানীয় মিয়ো (২৬) এবং অজ্ঞাতনামা আরও দুজন তাঁকে দোকানের সামনে থেকে তুলে নদীর পাড়ে নিয়ে যান। সেখানে আগের মামলা তুলে নিতে চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় তাঁকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।

বিজয় আরও জানান, হামলার পর তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে স্বজনেরা তাঁকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসা শেষে পুনরায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে নবগ্রাম ইউনিয়নের বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) পুলক কুমার দাস মজুমদার বলেন, ৯৯৯ নম্বরে ফোন করার বিষয়ে তিনি অবগত নন। বিজয়ের ওপর হামলার বিষয়েও তাঁকে কেউ জানাননি। অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর