শিরোনাম

পাথরাজ নদীতে অবৈধ বালু উত্তোলন: দুই ট্রাক্টর জব্দ, জরিমানা এক লাখ টাকা

পাথরাজ নদীতে অবৈধ বালু উত্তোলন: দুই ট্রাক্টর জব্দ, জরিমানা এক লাখ টাকা

ঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরাজ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালুবোঝাই দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। আটক দুই যুবককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাসাইনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত দুই যুবক হলেন ভাসাইনগর এলাকার মো. মজিবর রহমানের ছেলে মো. রেজাউল করিম এবং মো. নজরুল ইসলামের ছেলে মো. হৃদয় ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, রোববার বিকেলে ভাসাইনগর এলাকায় পাথরাজ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের খবর পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় নদী থেকে বালু তুলে পরিবহনের প্রস্তুতিকালে বালুবোঝাই দুটি ট্রাক্টরসহ ওই দুই যুবককে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারা অনুযায়ী রেজাউল করিম ও হৃদয় ইসলামকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে উভয়কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযানে বোদা থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর