শিরোনাম

মোরেলগঞ্জে প্রবাসীর বসতঘরে আগুন, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ

মোরেলগঞ্জে প্রবাসীর বসতঘরে আগুন, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে সৌদি প্রবাসী এক যুবকের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা ঘরে আগুন দিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাটি বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামে ঘটে। শুক্রবার (২৪ জুলাই) ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, সৌদি প্রবাসী ইমরান শেখ দীর্ঘ ১১ বছর পর দেশে ফিরেছেন বিয়ের প্রস্তুতি নিতে। কিন্তু বাড়িতে এসে তিনি দেখেন, বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্রসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

ইমরানের ছোট ভাই আমিনুর শেখ বলেন, আগুন লাগার সময় তিনি স্ত্রীকে নিয়ে মোরেলগঞ্জ বাজারে ছিলেন। প্রতিবেশীর ফোন পেয়ে বাড়িতে এসে দেখেন ঘরটি দাউদাউ করে জ্বলছে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে সবকিছু পুড়ে যায়।

তার অভিযোগ, আগুনের সময় এলাকায় বিদ্যুৎ ছিল না এবং বৈদ্যুতিক মিটারও অক্ষত রয়েছে। তাই এটি পরিকল্পিত অগ্নিসংযোগ বলে তাদের ধারণা। তিনি দাবি করেন, দাদার আমল থেকে চলমান জমি-সংক্রান্ত বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। সম্প্রতি জমি চাষাবাদ নিয়েও বিরোধ সৃষ্টি হয়েছিল।

স্থানীয় বাসিন্দা পিয়ারা বেগম, আব্দুস সালাম হাওলাদার, শেফালী বেগম ও তাইয়বা বেগমসহ এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর