যান্ত্রিক ত্রুটির কারণে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিটে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ওই ইউনিটের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্রের প্রশাসনের দায়িত্বে থাকা প্রকৌশলী সাজ্জাদুর রহমান জানান, ত্রুটি নিরসনে বাংলাদেশি প্রকৌশলীরা কাজ করছেন। সন্ধ্যার মধ্যে ত্রুটি সারিয়ে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটে প্রতিটি থেকে ৬০০ মেগাওয়াট করে মোট ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। একটি ইউনিট বন্ধ থাকায় বর্তমানে অপর ইউনিট থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রটির প্রকৌশলীরা।
কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রুটি দ্রুত নিরসনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।