শিরোনাম

গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ: কলেজের নামফলক পরিবর্তন, ভাঙচুর-অবরোধ ও ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ: কলেজের নামফলক পরিবর্তন, ভাঙচুর-অবরোধ ও ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, নামফলক পরিবর্তন, সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক ভেঙে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়েছেন তাঁরা। একই সঙ্গে জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়েছে। পুলিশের এপিসির ওপর দাঁড়িয়ে স্লোগান দেওয়ার ঘটনাও ঘটেছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ শহর।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবি এবং দলটির সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। পাশাপাশি আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যেও তাঁরা সংগঠিত হন।

রোববার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গাবতলা মোড়ে বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী বিসিক ব্রিজ হয়ে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন। পৃথকভাবে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামিউল হক তনু ও সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও মিছিল বের হয়। মিছিলকারীদের অনেকের হাতে লাঠি, বৈঠা ও দেশীয় অস্ত্র দেখা যায়।

বিক্ষোভের একপর্যায়ে গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক ভেঙে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙানো হয়। এ ছাড়া পুরাতন লঞ্চঘাট এলাকার জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে ফেলা হয়। পরে বিক্ষোভকারীরা শহরের ব্যাংকপাড়ায় আওয়ামী লীগের দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা দলীয় কার্যালয় খুলে দেন।

এদিকে বিক্ষোভকারীরা গোপালগঞ্জ-পাটগাতী সড়কের পুরাতন লঞ্চঘাট, কলেজ ও প্রেস ক্লাবের সামনে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। একই সময়ে প্রেস ক্লাবের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ ছাড়া পুলিশের একটি এপিসির ওপর দাঁড়িয়ে স্লোগান দেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এপিসির গায়েও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান লিখে দেন তাঁরা।

আওয়ামী লীগের জেলা দপ্তর সম্পাদক ইলিয়াস হক বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশ্নে গোপালগঞ্জের মানুষ আপসহীন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

একই দিনে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর, সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। জনজীবন ও যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এসব ঘটনার বিষয়ে পুলিশের কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর