শিরোনাম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, নিবন্ধনের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, নিবন্ধনের সময় বাড়ল

 দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ পর্যায়ে প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠা এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এ সম্মিলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবর্তিত জাতীয় ও বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও সার্বিক মান উন্নয়নে অধ্যক্ষদের আরও কার্যকর ভূমিকা পালনে উদ্বুদ্ধ করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

সম্মিলনে অংশগ্রহণের মাধ্যমে অধ্যক্ষরা জাতীয় শিক্ষানীতি, সরকারের শিক্ষাদর্শন, উচ্চশিক্ষার উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারে ঘোষিত শিক্ষা-সংক্রান্ত অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে সরাসরি প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন। পাশাপাশি কলেজ শিক্ষার মানোন্নয়নে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও অগ্রাধিকার সম্পর্কে বিস্তারিত ধারণা লাভের সুযোগ তৈরি হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্মিলনে অংশ নিতে অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পোর্টালে (https://collegeportal.nu.ac.bd/) প্রবেশ করতে হবে। এরপর নিজ নিজ কলেজের কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে আবেদন ফরম পূরণের মাধ্যমে অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে হবে।

শিক্ষকদের সুবিধার্থে অনলাইন নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নিবন্ধন সম্পন্ন করলেই কেবল সম্মিলনে অংশগ্রহণের অনুমতি পাওয়া যাবে।

অনিবার্য কারণে কোনো অধ্যক্ষ সশরীরে উপস্থিত হতে না পারলে তাঁর পরিবর্তে সংশ্লিষ্ট কলেজের উপাধ্যক্ষকে নিবন্ধনের মাধ্যমে সম্মিলনে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর