কাউনিয়া থেকে হরিপুর পর্যন্ত নৌ-পরিদর্শনে নদীর করুণ চিত্র, টেকসই মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তিস্তা ফোরামের
রংপুর ব্যুরো:উত্তরবঙ্গের জীবনরেখা তিস্তা নদী ক্রমেই অস্তিত্বসংকটের দিকে এগোচ্ছে। শুষ্ক মৌসুম শুরু হওয়ার আগেই নদীর বুকে জেগে উঠেছে অসংখ্য চর। কমেছে পানির প্রবাহ ও নাব্যতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে কৃষি, মৎস্যসম্পদ এবং নদীপাড়ের মানুষের জীবন-জীবিকা। এমন পরিস্থিতিতে তিস্তা রক্ষায় অবিলম্বে বিজ্ঞানভিত্তিক ও টেকসই মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছে নাগরিক সংগঠন ‘তিস্তা ফোরাম’।
শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী কাউনিয়া পয়েন্ট থেকে হরিপুর পয়েন্ট পর্যন্ত নৌ-পরিদর্শন করে নদীর বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন সংগঠনটির একটি প্রতিনিধিদল। এ সময় নদীর দুই তীরের বিভিন্ন এলাকা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় কৃষক, মৎস্যজীবী ও ভাঙনকবলিত মানুষের সঙ্গে কথা বলেন তাঁরা।
তিস্তা ফোরামের সভাপতি ড. মাহমুদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক নৌ-প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলামের নেতৃত্বে পরিদর্শনে অংশ নেন ফোরামের সহসভাপতি চঞ্চল কুমার ভৌমিক, বিশেষ অতিথি অতিরিক্ত ডিআইজি আব্দুর রাজ্জাক, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত সুধীজন।
পরিদর্শনকালে নদীর বিভিন্ন স্থানে পলি জমে নাব্যতা কমে যাওয়া, অসংখ্য চর জেগে ওঠা এবং স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার চিত্র উঠে আসে। নদীর গতিপথ পরিবর্তনের কারণে কোথাও কোথাও তীরভাঙনের ঝুঁকিও বাড়ছে। শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে যাওয়ায় নদীর বিস্তীর্ণ এলাকা ধু-ধু বালুচরে পরিণত হচ্ছে। এতে তিস্তার স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
নদীতে পানির প্রবাহ কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক ও মৎস্যজীবীরা। সেচের পানির সংকটে হাজারো কৃষক চাষাবাদ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। অন্যদিকে মাছের উৎপাদন ও প্রাপ্যতা কমে যাওয়ায় জীবিকা হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন নদীনির্ভর জেলে পরিবারগুলো। বর্ষায় নদীভাঙন আর শুষ্ক মৌসুমে মরুকরণ—দুই সংকটের চাপে বিপন্ন হয়ে পড়ছে তিস্তা অববাহিকার জনজীবন।
নৌ-পরিদর্শন শেষে তিস্তা ফোরামের নেতৃবৃন্দ বলেন, তিস্তা কেবল একটি নদী নয়; উত্তরবঙ্গের কোটি মানুষের অস্তিত্ব, অর্থনীতি ও সংস্কৃতির সঙ্গে নদীটি গভীরভাবে জড়িত। শুষ্ক মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই নদীর এমন রুগ্ণ দশা ভবিষ্যতের জন্য অশনিসংকেত। অবিলম্বে তিস্তার স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত নদীশাসন ও খননের মাধ্যমে বিজ্ঞানভিত্তিক, সমন্বিত ও টেকসই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
তাঁরা আরও বলেন, কার্যকর উদ্যোগ গ্রহণে বিলম্ব হলে উত্তরবঙ্গ ভয়াবহ পরিবেশগত ও অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে পারে। তাই তিস্তার ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করা, নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং নদীপাড়ের মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় সরকার ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
তিস্তা ফোরামের পক্ষ থেকে নদীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও নদীপাড়ের মানুষের পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তিস্তা রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং নাগরিক আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনটির নেতৃবৃন্দ।