সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে আয়োজনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনের বাবাকে কারাদণ্ড এবং বরের বাবাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে তালা সদর ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—বরের বাবা তালা উপজেলার নগরঘাটা এলাকার মো. নুরুল ইসলাম (৪৫) এবং কনের বাবা তালা সদরের মহল্লাপাড়া এলাকার শেখ সুমন (৩৬)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলা সদরের মহল্লাপাড়া এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযানের খবর পেয়ে বর ও তাঁর স্বজনেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে বাল্যবিয়ের বিষয়টি প্রমাণিত হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী বর ও কনের বাবাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং
বরের বাবাকে ৩ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করেন আদালত।
এ বিষয়ে ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা জানান, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর আলোকে এ দণ্ড দেওয়া হয়েছে। সমাজে বাল্যবিয়ে প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।