শিরোনাম

নীলফামারীর প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট তুষার কান্তি রায় আর নেই

নীলফামারীর প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট তুষার কান্তি রায় আর নেই

নীলফামারী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সভাপতি এবং প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট তুষার কান্তি রায় (৭৮) আর নেই।

রোববার (২৬ জুলাই) সকাল ৭টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সৈয়দপুরে শোকের ছায়া নেমে আসে। শহরের নয়াবাজার এলাকায় তাঁর বাসভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা ভিড় জমান এবং গভীর শোক প্রকাশ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর শেষকৃত্য সোমবার (২৭ জুলাই) সকালে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আলোকডিহি শ্মশানে সম্পন্ন হবে।

অ্যাডভোকেট তুষার কান্তি রায় নীলফামারী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছাড়াও সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সভাপতি এবং ঐতিহ্যবাহী সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের প্রবীণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবেও পরিচিত ছিলেন।

তাঁর মৃত্যুতে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আখতার শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী রাজকুমার পোদ্দার, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর