শিরোনাম

সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
বাসস

সুন্দর ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সম্মিলিত উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন এবং দেশের সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব।

রোববার (১৯ অক্টোবর) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সুন্দর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই ধারাবাহিকতা বজায় রেখে মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

জেডআরএফের যাত্রার প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের স্লোগান—‘একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’। মানুষের কল্যাণে সংগঠনটি দীর্ঘ ২৭ বছর ধরে কাজ করে যাচ্ছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো এবং তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি কৃষি, শিল্প, শিক্ষা এবং নারীর ক্ষমতায়নে কাজ করেছিলেন। এসব উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি শক্তিশালী করার চেষ্টা করেছিলেন তিনি।

তারেক রহমান বলেন, রাজনীতির বাইরেও মানুষের কল্যাণে কাজ করার সুযোগ রয়েছে। সেই লক্ষ্য থেকেই জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছিল। সংগঠনটি কৃষকদের মধ্যে শস্যবীজ বিতরণ, অসহায় ও শ্রমজীবী নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং পরিবেশ সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ঢাকায় কয়েক লাখ গাছ রোপণের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ফাউন্ডেশনের সদস্য ও কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মানুষের জন্য কাজ করতে অর্থ বা সামর্থ্যই সবকিছু নয়; সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সদিচ্ছা। বিত্তবান ব্যক্তিরা নিজেদের সম্পদের সামান্য অংশও সমাজ, মানুষ ও প্রকৃতির কল্যাণে ব্যয় করলে অনেকের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

তিনি আরও বলেন, যত দিন সুস্থ ও কর্মক্ষম থাকা যাবে, তত দিন মানুষের মুখে হাসি ফোটানোই সবার অন্যতম লক্ষ্য হওয়া উচিত।

অনুষ্ঠানে জেডআরএফের পরিচালক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয় এবং পরে ফাউন্ডেশনের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, খাদ্যমন্ত্রী আফরোজা খানম, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৮ অক্টোবর একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যাত্রা শুরু করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিনামূল্যে চিকিৎসাসেবা, দরিদ্রদের ঘর নির্মাণ, গবাদিপশু ও সেলাই মেশিন বিতরণ, শীতবস্ত্র বিতরণ, সামাজিক বনায়ন, শস্যবীজ ও বিশুদ্ধ পানি সরবরাহ, শিক্ষা বৃত্তি এবং দুর্যোগকালীন সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর