দিনাজপুরের পার্বতীপুরে ভবের বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে ব্যাংক কার্যালয়ের বারান্দার দেয়ালের পাশের বৈদ্যুতিক তার ও ওয়্যারিং পুড়ে গেছে।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মিজানুর রহমান জানান, দুর্বৃত্তরা অফিসের বারান্দায় পেট্রোল ও মোবিলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ব্যাংক ভবনের দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন তিনি। ধোঁয়ার গন্ধ পেয়ে নিচে নেমে আগুন দেখতে পান। পরে নৈশপ্রহরীর সহযোগিতায় পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ব্যবস্থাপকের ধারণা, পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টি কিংবা নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
এদিকে ব্যাংক কার্যালয়ে অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়লে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়।
ঘটনার খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে বোমাসদৃশ একটি প্লাস্টিকের পাত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।