শিরোনাম

বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, সিসিটিভিতে ধরা পড়ল যুবক

বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, সিসিটিভিতে ধরা পড়ল যুবক

 বাগেরহাট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদিউজ্জামান হিরোর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত গভীর রাতে শহরের হরিণখানা এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে বাড়ির জানালার কাচ ভেঙে গেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ১টা ২৩ মিনিটের দিকে এক যুবক বাড়ির সামনে এসে একটি বস্তু নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। কিছুক্ষণ পরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে জানালার কাচ ভেঙে যায় এবং একটি স্প্লিন্টার ঘরের ভেতরে প্রবেশ করে। ঘটনার সময় বিএনপি নেতা হাদিউজ্জামান হিরো বাড়িতে ছিলেন না।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করে।

এ ঘটনায় অধ্যাপক হাদিউজ্জামান হিরো বলেন, তাঁর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এদিকে স্থানীয় বিএনপি নেতারাও ঘটনার নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সিসিটিভি ফুটেজে এক যুবককে বস্তু নিক্ষেপ করে পালিয়ে যেতে দেখা যাওয়ায় ফুটেজের সূত্র ধরে জড়িত ব্যক্তিকে শনাক্তের দাবি জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর