শিরোনাম

সাতক্ষীরায় যুবদল ও ছাত্রদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনা

সাতক্ষীরায় যুবদল ও ছাত্রদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনা

সাতক্ষীরায় জেলা যুবদল ও ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাদের সংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের মাওয়া চাইনিজ রেস্তোরাঁসংলগ্ন এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে এবং সদস্যসচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুর ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর ইসলাম হাবিব নবগঠিত কমিটির নেতাদের আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি সাহসিকতার সঙ্গে মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, অতীতের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বর্তমান প্রজন্মের যুবসমাজ দলের ঐক্য ও অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ভূমিকা এবং রোহিঙ্গা সংকটে ১২ লাখ মানুষের পুনর্বাসনের বিষয়টি তুলে ধরেন।

নিজের শারীরিক অসুস্থতা ও ভয়াবহ সড়ক দুর্ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে হাবিবুর ইসলাম হাবিব বলেন, সৃষ্টিকর্তার রহমত ও সময়মতো চিকিৎসা পাওয়ায় তিনি সুস্থ হয়ে উঠেছেন। সাতক্ষীরার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র ও অপশক্তি ঐক্যবদ্ধভাবে মোকাবিলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন বলেন, অতীতের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি সাতক্ষীরার সাতটি উপজেলা ও তিনটি পৌরসভায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করবে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও মাসুম রানা সবুজ।

এ ছাড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক দোদায়েভ মাসুদ খান অর্ঘসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর